পুবের কলম ওয়েব ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা পুলিশ চৌকি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে খবর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিস্ফোরক বোঝাই গাড়ি দ্রুতগতিতে পুলিশ চৌকির ভিতরে ঢুকে পড়ে। সেই সময় সেখানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র দুষ্কৃতীদের সংঘর্ষ চলছিল।

আচমকাই প্রবল বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে চৌকির বড় অংশ উড়ে যায়। ঘটনাস্থলেই বহু পুলিশ নিহত হন। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয় । কয়েকজন সাধারণ মানুষও আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ পুলিশ কর্মীকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম সুত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্তে পাকিস্তানের নিরাপত্তা সংস্থার সন্দেহ, সীমান্তের ওপার থেকে আসা জঙ্গিরাই এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরেই অশান্ত এলাকা হিসেবে পরিচিত। আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে প্রায়ই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গত কয়েক মাসে সীমান্ত এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে । তারপর থেকেই সীমান্ত এলাকায় বারবার সংঘর্ষের খবর সামনে আসছে।

এর আগে পাকিস্তান ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল। ইসলামাবাদের অভিযোগ, ভারত আফগান ভূখণ্ড ব্যবহার করছে। যদিও সেই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি ইসলামাবাদ।