পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতাকে লক্ষ্য করে পাকিস্তানের হুমকিকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ-এর মন্তব্যকে হাতিয়ার করে কেন্দ্রীয় নেতৃত্বকে কড়া আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার নাকাশিপাড়ায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে মমতার প্রশ্ন, পাকিস্তান প্রকাশ্যে কলকাতায় হামলার হুঁশিয়ারি দিচ্ছে— তা সত্ত্বেও কেন নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং? তিনি বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে দেশবাসী সবসময় একসঙ্গে থাকে, কিন্তু এমন হুমকির পরও কেন্দ্রের নীরবতা উদ্বেগজনক।
সম্প্রতি পাকিস্তানের সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজা আসিফ হুঁশিয়ারি দেন, ভারত কোনও পদক্ষেপ নিলে সংঘাত সীমান্ত পেরিয়ে আরও ভিতরে, এমনকি কলকাতা পর্যন্ত গড়াতে পারে।
এই প্রসঙ্গে মমতা বলেন, “কলকাতাকে নিশানা করার কথা কীভাবে বলা হল? কেন্দ্রীয় সরকার কেন তার জবাব দিল না?” তিনি আরও দাবি করেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, গত বছরের পহেলগাঁও-এ জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই ঘটনার বর্ষপূর্তির আগে পাকিস্তানের এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।