পুবের কলম ওয়েব ডেস্কঃ ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছিল। সেই আবহেই বৃহস্পতিবার কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। বিকেলে তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কালীঘাটে পৌঁছন জয়া বচ্চন। সেখানে তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আরও পড়ুন:
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের পথেও হেঁটেছেন মমতা। সেইসময় মমতার পাশে দাঁড়িয়েছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। নির্বাচনের ফল ঘোষণার পর তিনি কলকাতায় এসে কালীঘাটে মমতার বাসভবনে সাক্ষাৎ করে সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেছিলেন। যদিও এই পরাজয়ের জন্য পরে সমাজবাদী পার্টির প্রবীণ নেতা কিরণময় নন্দ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।
আরও পড়ুন:
এই প্রেক্ষাপটে জয়া বচ্চনের কালীঘাট সফর নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে।
কিরণময় নন্দের মন্তব্যের পর সম্পর্কের দূরত্ব কমানোর উদ্যোগ, নাকি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা? তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। অতীতে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারেও তৃণমূল নেত্রীর পাশে দেখা গিয়েছিল তাঁকে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তাঁদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।