গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় নিজে এবং তাঁর স্ত্রী একাধিক হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মার্কিন সাময়িকী রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মিডল ইস্ট মনিটরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা সহজ নয়। কিন্তু আপনি যখন মানুষের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন তার কিছু পরিণতি মেনে নিতেই হয়।’

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালেও একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন।

তাঁর দাবি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই এসব হুমকি এসেছে।

মামদানি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তাঁকে লক্ষ্য করে হুমকি আসতে শুরু করেছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। তাঁর ভাষ্য, ইসরায়েল-গাজা ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করায় তাঁর স্ত্রীও সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন।

এদিকে, দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দ্য হেগে হওয়া উচিত।

তবে তিনি স্পষ্ট করেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।