পুবের কলম ওয়েবডেস্কঃ ভবানীপুর থেকেই ছাব্বিশের ভোটযুদ্ধের ঢাক বাজাল তৃণমূল। ‘ঘরের মেয়ে’ তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে দলীয় কর্মিসভা করে প্রচারের সূচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর থেকে ব্লকস্তরের নেতা এবং দলের শীর্ষ নেতৃত্ব। আর এই সভা থেকেই ভবানীপুরে জয়ের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, কলকাতার মধ্যে ভবানীপুরকেই এগিয়ে রাখতে হবে। তাঁর কথায়, এই কেন্দ্র থেকে অন্তত ৬০ হাজারের বেশি ভোটে জয় নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তিনি দলীয় কর্মী-নেতাদের সতর্ক করে বলেন, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, মাঠে নেমে লড়াই করতে হবে সংগঠিতভাবে।

সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন অভিষেক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবনযাপনের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আক্রমণ করেন এবং বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে সেই বার্তা তুলে ধরতে হবে।এবারের ভোটে এসআইআর একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে বলেও দাবি শাসক শিবিরের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে কিছু নাম এখনও বিচারাধীন। এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।