পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে দিল্লির 'কিষাণ মহাপঞ্চায়েত'-এ যোগ দিতে যাওয়ার পথে ফের পুলিশের বাধার মুখে পড়লেন হাজার হাজার কৃষক। মঙ্গলবার পাঞ্জাব থেকে আগত আন্দোলনকারী কৃষকদের হরিয়ানায় প্রবেশের মুখে অর্থাৎ আম্বালার বিখ্যাত শম্ভু সীমান্তে আটকে দেয় হরিয়ানা পুলিশ। কৃষকদের আটকাতে সীমান্তের দুই দিকেই গড়ে তোলা হয়েছে কংক্রিটের দেয়াল, লোহার পেরেক ও বহুস্তরের ব্যারিকেড।
আরও পড়ুন:
দিল্লিতে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক নেতারা। হরিয়ানায় প্রবেশের অনুমতি না পেয়ে কৃষকরা শম্ভু সীমান্তেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।
তাঁদের অভিযোগ, হরিয়ানা এবং পাঞ্জাব— উভয় সরকারই চক্রান্ত করে তাঁদের দিল্লিতে শান্তিপূর্ণ সভা করার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিচ্ছে। বিকেইউ শহীদ ভগত সিং নেতা তেজবীর সিং মারাত্মক অভিযোগ তুলে বলেন, "হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভৌগোলিক সীমানার ভেতরে ঢুকে বেআইনিভাবে ব্যারিকেড তৈরি করেছে। আর পাঞ্জাবের আপ সরকার এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না জানিয়ে স্রেফ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।"আরও পড়ুন:
প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করার দাবিতে পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের বিভিন্ন ছোট-বড় কৃষক সংগঠন 'দেশ বাঁচাও মোর্চা'-র ছাতার তলায় একজোট হয়েছে। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি-র শীর্ষনেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেএমএসসি, কিষাণ মজদুর মোর্চা (পাঞ্জাব চ্যাপ্টার), আজাদ কিষাণ মোর্চা এবং বিকেইউ একতা সংঘর্ষের বিশাল কনভয় পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু শম্ভু সীমান্তে জোর করে তাঁদের গতি রোধ করা হয়েছে।