পুবের কলম, ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির নির্দেশ দিয়ে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও নিখুঁত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করাকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক জোটের সংসদীয় দলের 'মঙ্গল মিলন' বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবাদমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর এই কড়া বার্তার কথা তুলে ধরেন।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, এনডিএ শরিকদের সমস্ত আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি বিরোধী দলগুলিকেও সংসদে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, "রাজনৈতিক মতামত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ এবং তরুণ সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার যৌথ দায়িত্ব সমস্ত সংসদ সদস্যের রয়েছে।" প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার পরই সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিবিআই ইতোমধ্যে এই ঘটনার মূল চক্রী হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা প্রক্রিয়ার সাথে যুক্ত একজন রসায়নের অধ্যাপককে গ্রেপ্তার করেছে। এছাড়া এনইইটি পরীক্ষা সংক্রান্ত যেকোনো সন্দেহজনক দাবি বা প্রতারণামূলক কর্মকাণ্ডের রিপোর্ট করার জন্য শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে।