NEET-UG প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলা আন্দোলনের আবহে অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এই ইস্যুতে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত। একই সঙ্গে বুধবার সরকার ও ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিনিধিদের মধ্যে ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর দীর্ঘদিনের অনশন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের দাবি।

 সূত্রের মতে, আগের দফার বৈঠকে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সেই কারণেই উভয় পক্ষ আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে CJP নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হবে না।

টানা ২৫ দিন ধরে অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে দিল্লির সফদরজং হাসপাতালে এবং পরে আদালতের নির্দেশে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।


এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘মহাপাপ’ বলে উল্লেখ করার পর কেন্দ্রের অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সরকার জানিয়েছে, সংসদে NEET ইস্যুতে বিস্তারিত আলোচনায় তাদের আপত্তি নেই। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

অন্যদিকে, সংসদে এই ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের সাংসদরা কালো পোশাক পরে সংসদ প্রাঙ্গণে বিক্ষোভে সামিল হন। মকর দ্বারের সামনে আয়োজিত ধর্নায় অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ বিরোধী জোটের একাধিক নেতা। তাঁদের দাবি, শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকে।