ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের সময় ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ডিসেম্বরে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘শান্তি পুরস্কার’ও প্রদান করেন।

ট্রাম্পের মতে, ইনফান্তিনো বিশ্বজুড়ে গ্রহণযোগ্য ও সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি বিভিন্ন দেশ ও মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার সক্ষমতা রাখেন।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা। এরপরই জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এ পদে নির্বাচিত হতে হলে প্রথমে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন অর্জন করতে হবে, যেখানে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে।

পরে সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে।

প্রথাগতভাবে এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কোনো প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার আলোচনা থাকলেও ট্রাম্পের এই অবস্থান সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) প্রধান রাফায়েল গ্রোসির নামও রয়েছে। তবে ট্রাম্পের সমর্থন আপাতত জিয়ান্নি ইনফান্তিনোর দিকেই।