আবদুল ওদুদ: পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে ২০২৬ সালের হজ সম্পন্ন করে ফিরলেন বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা এবং মেঘালয়ের হাজিরা। হজ সম্পন্ন করে দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার জেদ্দা থেকে আসা শেষ হজ ফ্লাইট এফ-৩ ৭৩৪৪  অবতরণের মাধ্যমে হজ যাত্রীদের দেশে ফেরার প্রক্রিয়া শেষ হল। গত ২ জুন থেকে শুরু হওয়া এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় মোট ২৩টি ফ্লাইটের মাধ্যমে হজ যাত্রীরা নিরাপদে কলকাতা বিমানবন্দরে ফিরেছেন।

মোট ৭ হাজার ৮৭২ জন হজ যাত্রী কলকাতা এমবারকেশন পয়েন্ট হয়ে হজ সম্পন্ন করে নিজ নিজ রাজ্যে ফিরেছেন।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসা ও যাওয়া উভয় পর্বে হজযাত্রীদের আবাসন, পরিবহন, চিকিৎসা সহায়তা এবং লাগেজ ব্যবস্থাপনা সহ যাবতীয় প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। হজযাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ থেকে ৩০ জন হজ পরিদর্শক (যারা আগে খাদিম-উল-হাজ্জ নামে পরিচিত ছিলেন) সউদি আরবে মোতায়েন করা হয়েছিল, যারা হজ চলাকালীন হজ যাত্রীদের যাবতীয় সহায়তা প্রদান করেছেন। রাজ্য হজ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা হয়ে হজ সম্পন্নকারী বিভিন্ন রাজ্যের হজ যাত্রীদের পরিসংখ্যান, অসম: ৬৬৭ জন, বিহার: ৭২৪ জন, ঝাড়খণ্ড: ১,০৩১ জন, মণিপুর: ৩৭৭ জন, ওড়িশা: ২৪৯ জন, ত্রিপুরা: ৭৩ জন এবং পশ্চিমবঙ্গ: ৪,৭৪৮ জন।

সব মিলিয়ে মোট হজযাত্রীর সংখ্যা ৭,৮৭২ জন।

প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাপনা করা হয়। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর এবং পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি যাবতীয় কাজ পরিচালনা করে। এ ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুলিশ পিডব্লিউডি ,স্বাস্থ্য দফতর বিধান নগর কমিশনারেট, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় হজ কমিটি ও কলকাতা আশপাশের জেলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সহযোগিতায় যাবতীয় কাজ পরিচালনা করে আসছে।