টানা বর্ষণে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে বালাসন নদী। বৃহস্পতিবার গভীর রাতে নদীর প্রবল স্রোতে ভেসে গেল দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতু। এর জেরে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং পর্যটকেরা।


শুক্রবার সকালে দেখা যায়, রাতভর বৃষ্টির কারণে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় জলের তোড় সামলাতে পারেনি অস্থায়ী সেতুটি। মুহূর্তের মধ্যে সেটি ভেসে যায়। ফলে পাহাড়-সমতলের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রবল বর্ষণে বালাসন নদীর স্রোতে দুধিয়ার মূল সেতুটি ভেঙে গিয়েছিল। এরপর প্রশাসনের উদ্যোগে সাময়িক সমাধান হিসেবে হিউম পাইপ বসিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হয়।
সেই ব্যবস্থার ওপর নির্ভর করেই এতদিন চলাচল করছিলেন এলাকার বাসিন্দারা। তবে এখনও স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় ফের সমস্যার মুখে পড়তে হল সাধারণ মানুষকে।
এদিকে আবহাওয়া দফতর আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও স্থানীয়দের দাবি, বারবার একই সমস্যার মুখোমুখি হওয়া এড়াতে দুধিয়ায় দ্রুত একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মাণ করা হোক।