পুবের কলম ওয়েবডেস্ক : ব্রিটেনের রেলপথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ট্রেনচালক। লন্ডনের উত্তরে বেডফোর্ডের কাছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৯০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের কামরার ভিতরে ঢুকে যায়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই কামরাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও অ্যাম্বুল্যান্সের বিশেষ উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এয়ার অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়। রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এডি ডেম্পসি জানিয়েছেন, নিহত ব্যক্তি ওই ট্রেনের চালক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জন গুরুতর এবং ৫৬ জন তুলনামূলক কম আহত অবস্থায় চিকিৎসাধীন।দুর্ঘটনার সময় ট্রেনে থাকা চিকিৎসক পিটার ন্যাপ জানিয়েছেন, সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে কামরা ধোঁয়ায় ভরে যায় এবং অনেক যাত্রী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
আরও পড়ুন:
ঘটনার পর শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি নিহত চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুর্ঘটনার জেরে লন্ডনের সেন্ট প্যানক্রাসমুখী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এসেছিল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।