পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্য প্রাচ্যে সংঘাতের আবহে বিশ্বজুড়ে জ্বালানী সংকট তৈরি হয়েছে। ভারতেও পেট্রোল, ডিজেলের জোগানে টান পড়েছে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে তেল ও গ্যাস মজুত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জ্বালানী খরচ কমানোর বার্তা দিয়েছেন।

তারপরেই দিল্লি, উত্তরপ্রদেশ থেকে শুরু করে একাধিক রাজ্যে জ্বালানী খরচ কমানোর উদ্যগ নেওয়া হয়েছে। বাংলাতেও সেই পথে হেঁটেছেন একাধিক মন্ত্রী। এবার রাজ্যের বিভিন্ন দফতরে ওয়ার্ক ফ্রম হোম চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই নির্দেশ মেনে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশের ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশিকা জারি হল।
দফতরের তরফে জানানো হয়েছে, আধিকারিকদের জন্য চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। সমস্ত বৈঠক এবার থেকে মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টার পর অপ্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ। সিনিয়র অফিসারদের জন্য নির্দিষ্ট দিনে ওয়ার্ক ফ্রম হোম চালুর ঘোষণা শিক্ষা দফতরের।
কোন অফিসার কবে বাড়ি থেকে কাজ করবেন তার ও বিস্তারিত নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। 

পেট্রোলের ব্যবহার কমানো, খরচ কমানো, প্রাকৃতিক সম্পদের ব্যবহারের উপর জোর দিতে বলেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিবের তরফে বিভিন্ন দফতরের সচিব ও জেলা শাসকদের জন্য জারি করা হয়েছে সাত দফা নির্দেশিকা। শিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, ‘অপ্রয়োজনীয় ফটোকপি ও প্রিন্টিং সম্পূর্ণ এড়াতে বলা হয়েছে দফতরকে।সব ফাইল অফিস মারফত নিষ্পত্তির নির্দেশ, নতুন ফিজিক্যাল ফাইল খুলতে লাগবে বিশেষ অনুমতি। অপ্রয়োজনীয় সফর কমিয়ে কার পুলিং চালুর নির্দেশ শিক্ষা দফতরের। সচিবালয় ও ডিরেক্টরেট অফিসে বিদ্যুৎ ও লিফট ব্যবহারে কড়া নিয়ন্ত্রণের নির্দেশ।