পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারে শেষ হতে চলেছে নিতীশ কুমারের জমানা। নানা জল্পনার পর অবশেষে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন নিতীশ কুমার। শুক্রবার রাজ্যসভায় তাঁকে শপথ বাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। নিতীশের শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ। 

রাজ্যসভার সদস্য হিসেবে এদিন নিতীশ শপথ গ্রহণ করলেও এখনও বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়ে গিয়েছেন তিনি।

আগামী ১৪ এপ্রিল তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এর আগে শোনা গিয়েছিল, নীতীশ-পুত্র নিশান্ত কুমার নাকি হতে পারেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী। তবে জল্পনা শুরু হয়েছে, নিতীশের পর বিজেপির বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেই ওই পদে বসানো হতে পারে। আর নিতীশ পুত্রকে করা হতে পারে উপ মুখ্যমন্ত্রী। যদিও এই জল্পনায় এখনও কোনও সিলমোহর পরেনি।
এরফলে দীর্ঘ দুদশক পর নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার। সেখানে এবার নিতীশের জমানা শেষ হচ্ছে। 

এদিন রাজ্যসভায় শপথ নেওয়ার পর নিতীশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স পোস্টে লিখেছেন, "নীতীশ কুমার জি দেশের অভিজ্ঞ নেতাদের মধ্যে অন্যতম। সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকার সব জায়গায় প্রশংসা পেয়েছে। বিহারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। আবার তাঁকে সংসদে দেখতে পাওয়া যাবে এটা খুব আনন্দের বিষয়।"