মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের চলমান ‘নাসর-২’ সামরিক অভিযানের অষ্টম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। অভিযানে বিমানঘাঁটির সি-র‍্যাম প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের একটি গুরুত্বপূর্ণ সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের সামরিক নেতৃত্বের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে তাদের বক্তব্য।

একই সঙ্গে আইআরজিসি কুয়েতের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে কুয়েত থেকে সব মার্কিন সেনা ও সামরিক স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানানো উচিত।

এই হামলার দাবির পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা ইরানের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।