পুবের কলম, ওয়েবডেস্ক: বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে আগামী ২৩ মে চার দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। মার্কিন বিদেশ মন্ত্রক এই হাই-প্রোফাইল সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সফরে মার্কিন বিদেশ সচিব ভারতের চারটি প্রধান শহর— কলকাতা, আগ্রা, জয়পুর এবং নতুন দিল্লি পরিদর্শন করবেন।

মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র টমি পিগট সফরের বিশদ বিবরণ দিয়ে জানিয়েছেন, “বিদেশ সচিব মার্কো রুবিও ২৩ থেকে ২৬ মে পর্যন্ত ভারত সফর করবেন।

এই সময় তিনি কলকাতা, আগ্রা, জয়পুর এবং নতুন দিল্লি যাবেন।” মুখপাত্র আরও জানান, সফর চলাকালীন রুবিও ভারতের উচ্চপদস্থ সরকারি আধিকারিক ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে মূলত জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ মে সুইডেনে আয়োজিত ‘ন্যাটো’ সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রুবিও।
সেখান থেকে সরাসরি ২৩ মে তিনি ভারতের উদ্দেশে রওনা হবেন।

মার্কো রুবিও-র এই সফরের শেষ দিনে, অর্থাৎ ২৬ মে নতুন দিল্লিতে বসছে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের মেগা বৈঠক। ভারত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লির এই বৈঠকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোশিমিতসু। কোয়াড-এর এই হাই-ভোল্টেজ বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর।