পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির রাজনীতিতে আবারও শুরু হলো ‘রঙ্গস্বামী যুগ’। বুধবার অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (AINRC) প্রতিষ্ঠাতা তথা বর্ষীয়ান জননেতা এন রঙ্গস্বামী পঞ্চমবারের মতো পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তাঁর সঙ্গেই এদিন শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও দুই সদস্য। পুদুচেরির রাজভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও তাঁর সতীর্থদের পদের গোপনীয়তা ও শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন।
রঙ্গস্বামী এদিন ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেন।আরও পড়ুন:
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে এন রঙ্গস্বামীর পাশাপাশি এআইএনআরসি-র মাল্লাদি কৃষ্ণ রাও এবং বিজেপি-র এ নমশিবায়ম মন্ত্রী হিসেবে শপথ নেন। উল্লেখ্য, মাল্লাদি কৃষ্ণ রাও অন্ধ্রপ্রদেশের এনক্লেভ ইয়ানাম থেকে নির্বাচিত হয়েছেন। তিনি এদিন তাঁর মাতৃভাষা তেলুগুতে শপথ গ্রহণ করেন।
পুদুচেরিতে এআইএনআরসি-নেতৃত্বাধীন এনডিএ সরকারে বিজেপি-র সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এ নমশিবায়ম। এদিনের অনুষ্ঠানে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং প্রবীণ নেতা বিএল সন্তোষের উপস্থিতি জাতীয় রাজনীতিতে পুদুচেরির গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।আরও পড়ুন:
গত ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা ধরে রাখে এনডিএ জোট। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। প্রশাসনের অভিজ্ঞ মুখ হিসেবে পরিচিত রঙ্গস্বামীর ওপর আবারও আস্থা রেখেছেন পুদুচেরির মানুষ।