পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি-র বিরুদ্ধে সুর চড়ালেন ভি ডি সতীশন। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইউডিএফ জোটের অন্যতম প্রধান স্তম্ভ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ নিয়ে কোনও ধরণের সাম্প্রদায়িক রাজনীতি বা ঘৃণা বরদাস্ত করা হবে না। কেরলের ধর্মনিরপেক্ষ কাঠামো বজায় রাখতে তাঁর সরকার যে আপসহীন থাকবে, এদিন সেই বার্তাই দিয়েছেন তিনি।

কেরল বিজেপি-র সভাপতি রাজীব চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন যে, জামায়াতে ইসলামী এবং মুসলিম লিগের ‘প্রভাব’ ও ‘পছন্দ’ অনুযায়ী সতীশনকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে।

এই অভিযোগকে সরাসরি নস্যাৎ করে দিয়ে ৬১ বছর বয়সী কংগ্রেস নেতা সতীশন বলেন, “মুসলিম লিগ ইউডিএফ-এর এক গুরুত্বপূর্ণ শরিক এবং এই জয়ে তাদের ভূমিকা অনস্বীকার্য। প্রয়াত মুখ্যমন্ত্রী কে করুণাকরণের সময় থেকেই এই দল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে।” তিনি সতর্ক করে বলেন, “মুসলিম লিগকে দুর্বল করার চেষ্টা করা হলে সেই শূন্যস্থানে উগ্রপন্থী শক্তির জন্ম হবে, যা রাজ্যের জন্য বিপজ্জনক।”

সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে চলা কুৎসা ও সাম্প্রদায়িক প্রচারের জবাবে সতীশন বলেন, “মানুষ যদি আমাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করেন, তবে তা অবশ্যই বলতে পারেন।

আমি নিজেকে সংশোধন করে নেব। কিন্তু দয়া করে সাম্প্রদায়িক বিষ ছড়াবেন না।” তিনি আরও বলেন, কেরলের মানুষ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন এবং এই নির্বাচনী রায় আসলে গোটা দেশের কাছে একটি ধর্মনিরপেক্ষ বার্তা। জাতীয় ও রাজ্য স্তরে বিজেপি ঘৃণা ও বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ তুলে সতীশন দৃঢ়ভাবে বলেন, “আমরা কেরলকে ভাগ হতে দেব না। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বাস করতে পারে, তা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ধর্মনিরপেক্ষতার আদর্শে সামান্যতম আঁচ আসুক, আমরা তা হতে দেব না।”