পুবের কলম, ওয়েবডেস্ক: অসম বিধানসভায় নিজেদের পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করল কংগ্রেস। ১৬তম অসম বিধানসভার চলতি অধিবেশনের মাঝেই কংগ্রেস লেজিসলেটিভ পার্টির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা ওয়াজেদ আলি চৌধুরীকে অসম বিধানসভার নতুন বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, জয় প্রকাশ দাস সামলানোর দায়িত্ব পেয়েছেন পরিষদীয় দলের উপ-নেতার পদ। মঙ্গলবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল একটি অফিসিয়াল প্রেস বিবৃতির মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অসম বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় কাঠামোর রদবদল নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে দফায় দফায় আলোচনা ও পরামর্শ চলছিল। গুয়াহাটিতে দলের বিধায়কদের মধ্যে একাধিক অভ্যন্তরীণ বৈঠকও অনুষ্ঠিত হয়। নতুন বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে অসমের রাজনৈতিক মহলে পারদ চড়ছিল। কারণ বিধানসভার ভেতরে সরকারের নীতিকে চ্যালেঞ্জ জানাতে এবং দলের রণকৌশল নির্ধারণে এই পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিষয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, পরিষদীয় দলের নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইসিসি। সেই মতো দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পাঠানো পর্যবেক্ষক এবং অসমের কংগ্রেস বিধায়কদের সাথে দীর্ঘ আলোচনার পরেই এই দুই নামের ওপর চূড়ান্ত সিলমোহর দেয় হাইকমান্ড।