পুবের কলম, ওয়েবডেস্ক: সুস্থ হওয়ার আশায় হাসপাতালের পথে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু মাঝপথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অসমের শোণিতপুর জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের সদস্যসহ মোট ৭ জন। রবিবার রাতে ১৫ নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শোণিতপুর জেলার ধেকিয়াজুলি থানা এলাকার ১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

একটি অ্যাম্বুলেন্সে করে এক রোগী ও তাঁর পরিবারের সদস্যরা তেজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক (তেজপুর) থেকে গুয়াহাটির অভিমুখে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১ জনের।

 
শোণিতপুরের পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ জানিয়েছেন, "দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে মধ্যরাতে আরও একজনের মৃত্যু হয়।" অসুস্থ আত্মীয়কে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।