পুবের কলম, ওয়েবডেস্ক: আসাম বিধানসভা নির্বাচনের উত্তাপ আরও বাড়িয়ে মঙ্গলবার ১২টি আসনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ। এই দফার সবচেয়ে বড় চমক হলো খোদ দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের নির্বাচনী ময়দানে নামা। তিনি কাছাড় জেলার 'বিন্যাকান্দি' কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলের তরফে জানানো হয়েছে।
 
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিন্যাকান্দি কেন্দ্র থেকে আজমলের প্রার্থী হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং যেখানে দলের সংগঠন শক্তিশালী, সেই আসনগুলোকেই এই দফায় পাখির চোখ করেছে এআইইউডিএফ।

গত ৯ মার্চ প্রথম দফায় ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দল। দ্বিতীয় দফার এই ১২ জনকে নিয়ে এআইইউডিএফ এ পর্যন্ত মোট ২১টি আসনে প্রার্থী ঘোষণা করল।
 
বদরুদ্দিন আজমল ছাড়াও দ্বিতীয় তালিকায় বেশ কিছু হেভিওয়েট নাম রয়েছে। গোয়ালপাড়া পূর্বে হাফিজ বশির আহমেদ, ধুবড়িতে নজরুল হক, দলগাঁওয়ে মজিবুর রহমান, চেঙ্গায় আশরাফুল হুসেন, সামাগুড়িতে আব্দুল আজিজ, করিমগঞ্জ দক্ষিণে শিহাব উদ্দিন, বিজনীতে মুসুখা বসুমাতারী ও রাহায় মুকুট দাস। দলীয় সূত্রে খবর, ১২৬ সদস্যের আসাম বিধানসভায় এআইইউডিএফ এবার মোট ২৮ থেকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু আসনের প্রার্থী তালিকা সামনে আসতে পারে।