পুবের কলম, ওয়েবডেস্ক: পেট্রোল ও ডিজেলের আকস্মিক মূল্যবৃদ্ধি এবং দীর্ঘদিনের স্বল্প মজুরির প্রতিবাদে আজ, শনিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিলেন অ্যাপ-ভিত্তিক ক্যাব চালক ও ডেলিভারি কর্মীরা (গিগ ওয়ার্কার্স)। অল ইন্ডিয়া গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU)-এর পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দিয়ে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা অ্যাপ-ভিত্তিক সমস্ত পরিষেবা বন্ধ রাখবেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ সংগঠনের পক্ষ থেকে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ ‘শাটডাউন’ বা পরিষেবা স্তব্ধ রাখার জন্য বিশেষভাবে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন:
গিগ ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, জ্বালানির দাম যেভাবে আকাশছোঁয়া হয়েছে, তাতে দীর্ঘ সময় হাড়ভাঙা খাটুনির পরেও দিনশেষে তাঁদের হাতে কোনও টাকা থাকছে না।
সংসার চালানো তো দূরের কথা, গাড়ির তেলের খরচ তোলাই দায় হয়ে পড়েছে। ক্যাব চালকদের অভিযোগ, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়লেও কোম্পানিগুলি গ্রাহকদের কাছ থেকে নেওয়া ভাড়ার হার বাড়াচ্ছে না। এর ফলে জ্বালানি খরচ এবং কোম্পানির চড়া কমিশন মেটানোর পর চালকদের পকেটে নামমাত্র টাকা পড়ে থাকছে। এই অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধেই দেশজুড়ে এই প্রতীকী ধর্মঘট।আরও পড়ুন:
গত শুক্রবারই দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়িয়েছে। এই দাম বৃদ্ধির পরেই রাজধানীতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৭.৯ টাকা এবং ডিজেল বিকোচ্ছে ৯০.৬৭ টাকায়। জ্বালানির দামবৃদ্ধির কারণে শনিবার ছুটির দিনে অ্যাপ-ভিত্তিক ক্যাব এবং অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি (যেমন জোম্যাটো, সুইগি, ব্লিনকিট) পরিষেবা দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে মেট্রো শহরগুলিতে সাধারণ নাগরিকদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। গিগ শ্রমিকদের এই আন্দোলনের পর অ্যাপ সংস্থাগুলি বা সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ করে কি না, এখন সেটাই দেখার।