পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচন পর্ব শেষ হলেই সারা দেশে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের বড়সড় উদ্যোগ। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলা-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট মিটলেই শুরু হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)-এর তৃতীয় ধাপ। এই পর্যায়ে রাজধানী দিল্লি-সহ মোট ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা পুনর্বিবেচনার কাজ হাতে নেওয়া হবে। এর আগে দেশের ১০টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি অসম-এ বিশেষ পর্যালোচনাও চালানো হয়েছে।


 
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের মোট প্রায় ৯৯ কোটি ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৬০ কোটি ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। তৃতীয় ধাপে বাকি প্রায় ৩৯ কোটি ভোটারের তালিকা খতিয়ে দেখা হবে, যা এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।
 
অন্যদিকে, উত্তরপ্রদেশ-এ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ১০ এপ্রিল। মথুরায় এই প্রক্রিয়ার তদারকি করতে গিয়ে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া এই কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগের লক্ষ্য, ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করে তোলা, যাতে আগামী নির্বাচনে কোনও বিভ্রান্তি বা অনিয়ম না থাকে।