পুবের কলম, ওয়েবডেস্ক: অসুস্থ হয়ে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। মঙ্গলবার রাতে বুকে অস্বস্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের একটি বিশেষ দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিশিষ্ট চিকিৎসক অনুপ বসু এবং তাঁর নেতৃত্বাধীন একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন ৭৯ বছর বয়সী সনিয়া গান্ধী।
মায়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী। প্রিয়ঙ্কা নিজেই চিকিৎসকদের সঙ্গে কথা বলে সনিয়ার স্বাস্থ্যের খবরাখবর নিচ্ছেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়ের কিছু নেই, তবে বয়সজনিত কারণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
গত ডিসেম্বর মাসেই ৭৯ বছরে পা দিয়েছেন সনিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনের ধকল এবং বয়সজনিত কারণে তাঁর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমেছে বলে ধারণা চিকিৎসকদের। বর্তমানে তাঁর চেস্ট ইনফেকশন বা বুকে সংক্রমণের দিকটি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।