পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার দায়ের করা ফৌজদারি মামলায় সাময়িক স্বস্তি পেলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। শুক্রবার তেলঙ্গানা হাইকোর্ট পবন খেরার এক সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে। এর ফলে আপাতত এক সপ্তাহ তাঁকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ।
অসমে ভোটের ঠিক আগে গত রবিবার গুয়াহাটিতে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পবন খেরা। সেখানে মুখ্যমন্ত্রী-পত্নী রিনিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি।
পবনের এই মন্তব্যের পরই সরব হয় বিজেপি শিবির। পরের দিনই প্রতারণা, ষড়যন্ত্র এবং মানহানির অভিযোগে পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিনিকি। তদন্তে নেমে দিল্লি ও অসম পুলিশের একটি যৌথ দল দিল্লির নিজামুদ্দিনে পবনের বাসভবনে হানা দেয়। পুলিশ সেখান থেকে কিছু ‘আপত্তিকর’ নথি উদ্ধারের দাবি করলেও পবনকে বাড়িতে পাওয়া যায়নি। জানা যায়, গ্রেপ্তারির আশঙ্কা বুঝে তিনি আগেই হায়দরাবাদে পাড়ি দিয়েছিলেন।
হায়দরাবাদে নিজের বাসভবন থেকে তেলঙ্গানা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান পবন খেরা। আদালতে তাঁর হয়ে সওয়াল করেন প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিঙভি। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দেয়।