পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং তাঁর স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে মন্তব্য করে আইনি বিপাকে পড়েন কংগ্রেস নেতা পবন খেরা। তেলেঙ্গানা হাইকোর্ট খেরাকে এক সপ্তাহের অন্তর্বর্তী ট্রানজিট জামিন দিয়েছিল। এবার সেই জামিনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার অসম সরকারের আবেদনের প্রেক্ষিতেই শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত। এর ফলে পবন খেরাকে গ্রেফতার করার পথে অসম পুলিশের সামনে থাকা আইনি বাধা আপাতত সরে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের মুখে অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর দাবি ছিল, রিণিকির কাছে তিনটি দেশের পাসপোর্ট রয়েছে। দুবাইতে তাঁর বিপুল সম্পত্তি এবং আমেরিকার একটি কোম্পানিতে মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে।
হিমন্ত পত্নী রিণিকি এই সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়ে খেরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ভোটের মুখে পবন খেরার এই ধরনের ‘মনগড়া’ অভিযোগ ভোটারদের প্রভাবিত করতে পারে, যার প্রতিফলন পড়তে পারে নির্বাচনী ফলাফলে। গণতন্ত্রে এই ধরনের অপপ্রচার রুখতে নির্দিষ্ট আইন থাকা প্রয়োজন। ভোট মিটে যাওয়ার পর তিনি নির্বাচন কমিশনকে পক্ষ করে মামলা দায়ের করবেন।
এদিকে পবন খেরা গ্রেফতার এড়াতে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখান থেকে এক সপ্তাহের ট্রানজিট জামিনও পেয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অসম সরকার। বুধবার শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় খেরার রক্ষাকবচ আপাতত নেই।