পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সোমবার জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ‘মহঙ্গাই মানব’ (মূল্যস্ফীতির মানব) বলে কটাক্ষ করার পাশাপাশি রাহুল অভিযোগ করেছেন, দেশের সাধারণ মানুষের ‘পকেটে নিঃশব্দে ছুরি মারছেন’ মোদি। সোমবার দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি আরও ২.৬১ টাকা থেকে ২.৭১ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এই কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর কাজ এখন মাত্র দুটি— নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি দেওয়া এবং ভোট মিটলেই আমজনতার পকেট কেটে তা উসুল করা।

গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার নিয়ে চতুর্থবার বাড়ল জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার দোহাই দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিনিয়ত সাধারণ মানুষের ওপর এই আর্থিক বোঝা চাপিয়ে চলেছে। এই প্রসঙ্গে তীব্র আক্রমণাত্মক সুরে রাহুল গান্ধি ‘এক্স’ পোস্টে লেখেন, “মোদিজি ফের স্বমহিমায় অবতীর্ণ হয়েছেন। তিনি ধাপে ধাপে, কিস্তিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াচ্ছেন— যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারেন আর তাঁদের পকেট থেকে নিঃশব্দে টাকা গায়েব হয়ে যায়।

” 

রাহুল আরও দাবি করেন, “বিগত কয়েক মাস ধরেই আমি দেশের আসন্ন অর্থনৈতিক বিপর্যয় ও ঝড়ের বিষয়ে সতর্ক করে আসছিলাম। কিন্তু মোদীজি যথারীতি তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আর নির্বাচন শেষ হওয়া মাত্রই তিনি পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় ৮ টাকা বাড়িয়ে দিলেন।” এই মূল্যবৃদ্ধির ধারা আগামী দিনেও বজায় থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।