পুবের কলম, ওয়েবডেস্ক: অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার উত্তাপ বাড়ল জাতীয় রাজনীতিতে। ইনস্টাগ্রামে রাহুল গান্ধির পোস্ট করা বিজয় ও তাঁর একটি রিল এবং ছবি 'ব্লক' করে দেওয়ার অভিযোগ উঠেছে মেটা-র বিরুদ্ধে। এই ঘটনার পেছনে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) হাত রয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। যদিও কেন্দ্র এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

রবিবার চেন্নাইয়ে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

অনুষ্ঠানের পর তিনি বিজয়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও একটি রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কংগ্রেসের দাবি অনুযায়ী, পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই রিলটি ১ কোটি ২০ লক্ষ ভিউ পায় এবং ছবিগুলি প্রায় ৪ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু এরপরেই আচমকা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ পোস্টগুলি ব্লক করে দেয় বলে অভিযোগ।

কংগ্রেস নেতা শ্রীভত্স এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, "ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কড়া নিয়মের কারণেই রাহুল গান্ধির পোস্টগুলি ব্লক করা হয়েছে। মেটা কোনো কারণ ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে।

" তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরেই রাহুল গান্ধির এক্স রিচ, ইউটিউব ভিউ এবং ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কৃত্রিমভাবে কমিয়ে রাখা হচ্ছে। "এভাবেই দেশের বিরোধী দলনেতার কণ্ঠরোধ করার চেষ্টা চলছে," বলে তোপ দাগেন তিনি।

কংগ্রেসের এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ জানানো হয়েছে, বিরোধী দলনেতার পোস্টের ওপর মন্ত্রক কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করেনি। ইনস্টাগ্রামের নিজস্ব ইন্টারনাল সিস্টেম বা অ্যালগরিদমের ভুলের কারণে পোস্টগুলি সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল। প্রযুক্তিগত এই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং পোস্টগুলি বর্তমানে পুনরায় দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের এক আধিকারিক জানান, সরকারি নিয়মকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে ভুল প্রচার চালানো হচ্ছে। এটি নেহাতই একটি প্ল্যাটফর্ম-ভিত্তিক প্রযুক্তিগত বিভ্রাট।