পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের বিদেশনীতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারতের বর্তমান বিদেশনীতি আদতে দেশের নয়, বরং প্রধানমন্ত্রীর ‘ব্যক্তিগত বিদেশনীতি’ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সংসদে ও সংসদের বাইরে সরব হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী বর্তমানে বিদেশি শক্তির কাছে নতিস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের বিদেশনীতি এখন মোদীজীর ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গতকাল সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেছেন রাহুল। তাঁর মতে, প্রধানমন্ত্রীকে দেখে দেশের প্রতিনিধি মনে হচ্ছে না, বরং তাঁর অবস্থান এখন অত্যন্ত দুর্বল। রাহুল বলেন, "সংসদে তিনি যা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। দেশের মানুষ এর ফল ভোগ করতে শুরু করেছে।" এদিকে বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপি অবশ্য রাহুলের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।