পুবের কলম, ওয়েবডেস্ক: ঠিক এক বছর আগে আজকের দিনে পহেলগামের শান্ত উপত্যকা ভিজেছিল নিরীহ পর্যটকদের রক্তে। সেই ভয়াবহ জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তিতে দেশজুড়ে শোকের আবহ। বুধবার এই উপলক্ষে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, ভারত কোনওদিন সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না।
আরও পড়ুন:
আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি আবেগঘন পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "গত বছর এই দিনে পহেলগামের নৃশংস সন্ত্রাসবাদী হামলায় যে নিরীহ প্রাণগুলি ঝরে গিয়েছিল, আজ তাঁদের স্মরণ করছি।
দেশ তাঁদের কোনোদিন ভুলবে না। স্বজনহারা পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।" প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদীদের হীন পরিকল্পনা ভারতে কখনও সফল হবে না। শোকের এই মুহূর্তে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারত তার সংকল্পে অটল।আরও পড়ুন:
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে অতর্কিত হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা।
সেই হামলায় ২৬ জন সাধারণ মানুষ প্রাণ হারান, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক। এই ঘটনা স্তম্ভিত করে দিয়েছিল গোটা বিশ্বকে। পহেলগাম হামলার পর হাত গুটিয়ে বসে থাকেনি ভারত সরকার। শহিদদের রক্তের বদলা নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে শুরু করেছিল এক সামরিক অভিযান। যার নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। আজকের এই দিনে একদিকে যেমন নিহতদের স্মৃতিতে মোমবাতি জ্বলছে, অন্যদিকে প্রধানমন্ত্রীর বার্তা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে ভারতের আপসহীন মনোভাবকেই ফের স্পষ্ট করে দিল।