পুবের কলম, ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিশাহীর বন্দর শহর ফুজাইরাহ-তে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ নাগরিক এবং পরিকাঠামোর ওপর এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গত সোমবার ফুজাইরাহ-র একটি গুরুত্বপূর্ণ তৈল শিল্পাঞ্চলে ড্রোন হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানে কর্মরত তিন ভারতীয় নাগরিক আহত হন।

সংযুক্ত আরব আমিশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইরান থেকে অন্তত ১২টি ব্যালিস্টিক মিসাইল, তিনটি ক্রুজ মিসাইল এবং চারটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। আমিশাহীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা রুখে দিলেও শিল্পাঞ্চলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।

হামলার প্রেক্ষিতে আমিশাহীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "সংযুক্ত আরব আমিশাহীতে এই হামলার আমি তীব্র নিন্দা জানাই। এই সংকটের মুহূর্তে ভারত আমিশাহীর সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করছে। আমরা বরাবরই সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

" একই সুর শোনা গিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কণ্ঠেও। তিনি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি সাফ জানান, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।