পুবের কলম, ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (UAE) বারাকাহ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করল ভারত। ইরানের চলমান উপসাগরীয় উত্তেজনা নীতির মধ্যে এই ঘটনাকে একটি ‘বিপজ্জনক উসকানি’ বলে অভিহিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এই ধরণের হামলাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
আরও পড়ুন:
ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন।
এই ধরণের পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি এই অঞ্চলের নিরাপত্তাকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে সব পক্ষকে সংযম বজায় রাখার এবং পুনরায় সংলাপ ও কূটনীতির পথ অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।”আরও পড়ুন:
সংযুক্ত আরব আমিরাত প্রশাসন এই হামলাকে কোনো উসকানি ছাড়াই একটি ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। জানা গিয়েছে, ড্রোনগুলি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল ভেতরের সীমানার বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে।
এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরমাণু কেন্দ্র থেকে কোনও ধরণের তেজস্ক্রিয়তা ছড়ায়নি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে থাকা পশ্চিম সীমান্ত দিয়ে তিনটি ড্রোন দেশের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে দুটি ড্রোনকে বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানোর আগেই মাঝআকাশে ধ্বংস করা হয়। তৃতীয় ড্রোনটি জেনারেটরে আঘাত হানতে সক্ষম হয়।আরও পড়ুন:
এখনও পর্যন্ত কোনও দেশ বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। আবুধাবি প্রশাসনও সরাসরি কোনও দেশের নাম নেয়নি। তবে ইরান-আমেরিকা যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে ইরানের ক্রমাগত হামলার ইতিহাস টেনে ওয়াকিবহাল মহল এই ঘটনার পিছনে ইরানের হাত থাকার দিকেই ইঙ্গিত করছে। আমিরাতের বিদেশ মন্ত্রক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই হামলা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টা কোনওভাবেই সহ্য করা হবে না।”