পুবের কলম, ওয়েবডেস্ক: ইউক্রেনে ফের ব্যাপক আক্রমণ চালাল রাশিয়া। শুক্রবার একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্তৃপক্ষ। এই হামলায় একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, এদিন রুশ বাহিনী ৫০০-র বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ক্যাথলিক ইস্টারের আগে পরিস্থিতি শান্ত থাকার কথা থাকলেও রাশিয়া ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে। তাঁর কথায়, “এই সময় আকাশে নীরবতা থাকা উচিত ছিল, কিন্তু রাশিয়া উল্টে সংঘাত বাড়াচ্ছে।”
রাজধানী কিয়েভ-এ হামলায় একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক। এছাড়াও একটি পশু চিকিৎসাকেন্দ্রে আঘাত হানায় প্রায় ২০টি প্রাণীর মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলীয় সুমি, উত্তর-পশ্চিমের ঝিতোমির এবং মধ্যাঞ্চলের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও প্রাণহানির খবর মিলেছে। পাশাপাশি খারকিভ, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়া সীমান্তবর্তী এলাকাগুলিতেও হামলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে।
হামলার জেরে বহু আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও সাইরেন বেজে ওঠার পর অনেকেই মেট্রো বা বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তবুও কিছু এলাকায় সাধারণ জীবনযাত্রা আংশিকভাবে স্বাভাবিক ছিল বলেও জানা গিয়েছে।