পুবের কলম, ওয়েবডেস্ক: গরমের ছুটিতে পাহাড় ভ্রমণে গিয়ে চরম বিপত্তির মুখে কয়েক হাজার পর্যটক। উত্তর সিকিমে লাগাতার বৃষ্টির জেরে নেমেছে ভয়াবহ ভূমিধস, যার ফলে সিকিমের মূল ভূখণ্ডের সঙ্গে লাচেনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বর্তমানে লাচেন ও চুংথাংয়ের মধ্যবর্তী এলাকায় আটকে পড়েছেন প্রায় এক হাজারেরও বেশি বাঙালি পর্যটক।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের মাঙ্গান জেলায় বৃষ্টির দাপটে একাধিক জায়গায় ধস নেমেছে।
সিকিম আবহাওয়া দপ্তরের মতে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে উদ্ধারকাজে বাধা আসার পাশাপাশি নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসনের তরফে পর্যটকদের আতঙ্কিত না হয়ে যে যেখানে আছেন সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আটকে থাকা পর্যটকদের পরিবার ও আত্মীয়দের সাহায্যের জন্য সিকিম প্রশাসনের পক্ষ থেকে দুটি জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে- ৯৯০৭৯৫৬৭০৫ ও ০৩৫৯২২৮১০০৭।