পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক মন্দার মেঘ কাটিয়ে এক নতুন যুগের সূচনা হল নেপালে। দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন র‍্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৫ বছর বয়সী তুখোড় নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার দুপুরে নেপালের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে দেশি-বিদেশি উচ্চপদস্থ কূটনীতিক এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাত্র ৩৫ বছর বয়সে নেপালের ইতিহাসে কয়েক দশকের মধ্যে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বালেন্দ্র।
 
গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী 'জেন-জি' আন্দোলনে ৭৬ জনের প্রাণহানির পর নেপালে ব্যাপক পরিবর্তনের ঢেউ ওঠে। সেই প্রেক্ষাপটে গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) অভাবনীয় সাফল্য পায়। ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। দেশের সাধারণ মানুষ আশা করছেন, জেন-জি প্রজন্মের প্রতিনিধি হিসেবে বালেন্দ্র শাহ নেপালের রাজনীতিতে স্বচ্ছতা এবং নতুনত্বের এক নতুন মাত্রা যোগ করবেন।