পুবের কলম, ওয়েবডেস্ক: নরওয়ে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতে অসলোয় এক প্রেস ব্রিফিংয়ে নজিরবিহীন বিতর্ক তৈরি হলো। ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে এক নরওয়েজীয় সাংবাদিকের করা তীক্ষ্ণ প্রশ্নের মুখে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ বিদেশি সমালোচকদের তীব্র আক্রমণ করে বলেন, তারা ভারতের গণতান্ত্রিক কাঠামো না বুঝে কিছু ‘অজ্ঞ এনজিও’-র রিপোর্টের ওপর ভিত্তি করে এই ধরণের ভিত্তিহীন মন্তব্য করছেন।
আরও পড়ুন:
ভারত-নর্ডিক সম্মেলন এবং নরওয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এই ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে।আরও পড়ুন:
সংবাদ সম্মেলন চলাকালীন নরওয়ের এক সাংবাদিক প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়েন— গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকারের মতো বিষয়গুলিতে আন্তর্জাতিক মহল কেন ভারতকে বিশ্বাস করবে? প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই প্রশ্নের অত্যন্ত জোরালো এবং কড়া জবাব দেন বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ। ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সাংবিধানিক সুরক্ষার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিদেশি সমালোচকেরা প্রায়শই ভারতের ‘বিশালতা এবং বৈচিত্র্য’ বুঝতে ব্যর্থ হন।
তাঁরা ভারতের প্রকৃত বাস্তব না জেনে কিছু পক্ষপাতদুষ্ট ও ‘অজ্ঞ এনজিও’-র তৈরি প্রতিবেদনের ওপর অন্ধভাবে ভরসা করেন। ভারতের শাসনব্যবস্থার পক্ষে সওয়াল করে সিবি জর্জ বলেন, “আমাদের একটি সুদৃঢ় সংবিধান রয়েছে যা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। আমাদের দেশে পুরুষ ও নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভারতের জনসংখ্যা, বিপুল বৈচিত্র্য এবং সক্রিয় গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে উপেক্ষা করেই প্রায়শই বিদেশ থেকে এই ধরণের একতরফা মন্তব্য করা হয়, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।