পুবের কলম, ওয়েবডেস্ক: অসম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট ৮২টি আসনে জয়লাভ করেছে। রাজ্যে ফের ক্ষমতার মসনদে বসতে চলেছে পদ্ম শিবির। বিজেপির জয় এনিয়ে এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে একই সঙ্গে জনগণের রায়কে সম্মান জানিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোটকে জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি।

গৌরভ গগৈ অভিযোগ করেন, নির্বাচনের সময় এবং পরবর্তীকালে ইভিএম (EVM) প্রক্রিয়া এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তিনি বলেন, "নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং নির্ভুলতা নিয়ে সাধারণ মানুষের মনে এবং আমাদের মনেও গভীর সংশয় রয়েছে।" কংগ্রেস নেতা আরও জানান, কংগ্রেস খুব শীঘ্রই গুয়াহাটিতে সমস্ত প্রার্থীদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবে। সেখানে ইভিএম-এর ভূমিকা, রিটার্নিং অফিসারদের আচরণ এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আসনে পিছিয়ে পড়লেও দমে যেতে নারাজ গৌরব গগৈ।

তিনি স্পষ্ট করে দেন, বিধানসভার ভেতরে এবং বাইরে কংগ্রেস তাদের গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে। তাঁর মতে, দেশে একদলীয় আধিপত্যের ধারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। রাহুল গান্ধির সুরেই তিনি বলেন, "আমরা দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।" জয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি গৌরব গগৈ আশা প্রকাশ করেন, নতুন সরকার অসমের অমীমাংসিত সমস্যাগুলি সমাধানে সচেষ্ট হবে। 

যোরহাট এবং অসমের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বীকার করে নেন, লোকসভা নির্বাচনে আশাব্যঞ্জক ফলের পর বিধানসভা নির্বাচনে কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকার করেছেন তিনি। হারের কারণ খুঁজতে যেমন দলীয় স্তরে পর্যালোচনার পথে হাঁটছে কংগ্রেস, তেমনই ইভিএম ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের ওপর চাপের রাজনীতি বজায় রাখতে চাইছেন গৌরব গগৈ।