পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী সোমবার অসম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগে বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই রাজ্যের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসকে কার্যত উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তাঁর দাবি, রাজ্যের মানুষ এবার 'নীরব বিপ্লবের' পথে হেঁটেছেন এবং ৪ মে ইভিএম খুললেই সেই পরিবর্তনের চিত্র স্পষ্ট হয়ে যাবে।

বিভিন্ন সংবাদমাধ্যমে বিজেপির সম্ভাব্য জয়ের যে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গৌরব গগৈ জানান, এই ধরণের সমীক্ষা কেবল টেলিভিশন বিতর্কের জন্যই উপযুক্ত। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মানুষ ইভিএম-এর মাধ্যমে যে রায় দিয়েছেন, আমরা তার ওপরই ভরসা রাখছি। ৪ মে আসল ফলাফল প্রকাশিত হবে। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে অসমের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন।

" গৌরবের অভিযোগ, বিজেপি এই পরিবর্তনের হাওয়া বুঝতে না পারলেও সাধারণ মানুষ অত্যন্ত শক্তিশালী ও নিঃশব্দভাবে বদলের পক্ষে ভোট দিয়েছেন।

পশ্চিমবঙ্গের মতো অসমের কংগ্রেস প্রার্থীদের কাছ থেকেও ইভিএম হ্যান্ডলিং নিয়ে একাধিক অভিযোগ এসেছে বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সমস্ত অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং তা যথাযথ ফোরামে তোলা হচ্ছে। এখন দেখার, বুথ ফেরত সমীক্ষা সত্যি হয় নাকি পরিবর্তনের ডাক দিয়ে কংগ্রেস জোট চমক দেয়, উত্তর মিলবে ৪ মে।