পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর পাহাড়ি রাস্তায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন পর্যটক। শুক্রবার একটি পর্যটকবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক-সহ আরও ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, পর্যটকেরা বেড়ানো সেরে ফিরছিলেন।

ভ্যানটিতে চালক-সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন এবং সকলেই কেরলের মানিপ্পুরম এলাকার বাসিন্দা। ভালপারাই-পোলাচি হিল রোডে পৌঁছনোর পর আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি অথবা চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এই দুর্ঘটনায় পর্যটকদের আনন্দযাত্রা মুহূর্তের মধ্যে পরিণত হল শোকের ঘটনায়, যা ফের পাহাড়ি রাস্তায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।