পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস হতে ব্যর্থ হওয়ার পর কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। এই ঘটনাকে কেন্দ্রের জন্য একটি 'কালো দিন' হিসেবে চিহ্নিত করে তিনি দাবি করেন, মোদি সরকার আসলে মহিলা সংরক্ষণের নামে নির্লজ্জভাবে ক্ষমতা আঁকড়ে থাকার কৌশল সাজিয়েছিল।
আরও পড়ুন:
শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সাংসদ সাফ জানান, প্রচার আর বিজ্ঞাপনের মাধ্যমে মহিলাদের আর বিভ্রান্ত করা যাবে না। সরকার আসলে মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক পরিকল্পনা করেছিল, যা শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে।
আরও পড়ুন:
বিলটি প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতার অভাবে আটকে যাওয়ার ঘটনাকে কেন্দ্রের নৈতিক পরাজয় হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “এটা সরকারের জন্য একটা কালো দিন। কারণ তারা প্রথমবারের মতো একটা বড় ধাক্কা খেয়েছে—যেটা তাদের প্রাপ্য ছিল।” প্রিয়াঙ্কার অভিযোগ, বর্তমানে মহিলাদের সমস্যা এবং জীবন সংগ্রাম দ্রুত বাড়ছে, অথচ সরকার শুধু ‘পিআর’ (PR) এবং মিডিয়া প্রচার নিয়ে ব্যস্ত।
মোদি সরকারকে সতর্ক করে তিনি বলেন, “মহিলারা বোকা নন, তাঁরা সবই বুঝতে পারেন। শুধুমাত্র প্রচার দিয়ে আর কাজ হবে না।”আরও পড়ুন:
প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেন, এই বিশেষ অধিবেশন ডাকার মূল উদ্দেশ্যই ছিল রাজনৈতিক ফায়দা তোলা। এই অধিবেশন মহিলা সংরক্ষণের জন্য ছিল না, বরং নির্লজ্জভাবে ক্ষমতায় টিকে থাকার একটি প্রয়াস ছিল। সরকারের আসল পরিকল্পনা ছিল বিলটি পাস না হলে তার দায় বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া এবং তাদের ‘মহিলা বিরোধী’ হিসেবে প্রচার করা। বিলের সঙ্গে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের মতো শর্ত জুড়ে দিয়ে সরকার আসলে এর বাস্তবায়নকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দিতে চেয়েছিল।