পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে এক চাঞ্চল্যকর ঘটনায় নিজেকে ভগবান শিবের অবতার দাবি করে এক মহিলাকে প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বঘোষিত ধর্মগুরু ঋষিকেশ বৈদ্য-কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের বাসিন্দা এক মহিলা ২০২৩ সালে সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে পরিচিত হন। অভিযোগ, অভিযুক্ত নিজেকে ‘মহাদেবের অবতার’ এবং ওই মহিলাকে তাঁর ‘পার্বতী’ বলে বিশ্বাস করিয়ে প্রতারণার ফাঁদে ফেলেন।
 
মহিলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে অভিযুক্ত পুনেতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।

এরপর তাঁকে মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে গিয়ে মাদকজাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, সেই সময় আপত্তিকর ছবি তুলে রেখে পরে তা দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ। এছাড়াও, ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারও যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন নির্যাতিতা। তিনি আরও দাবি করেছেন, একই কৌশলে একাধিক মহিলাকে ফাঁদে ফেলে নির্যাতন করেছেন অভিযুক্ত।

 
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যেহেতু মূল অপরাধটি পুনেতে সংঘটিত হয়েছে, তাই মানিকপুর থানা-য় একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে মামলাটি পরবর্তী তদন্তের জন্য হাদাপসার থানা-য় পাঠানো হয়েছে। সম্প্রতি আর এক স্বঘোষিত ধর্মগুরুর গ্রেপ্তারের পর সাহস সঞ্চয় করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।