পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের মৌলিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, যখন গোটা জাতি হাদির মৃত্যুতে শোকাহত হয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করছে, ঠিক সেই সময় প্রথম আলো ও ডেইলি স্টার-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বরেণ্য সাংবাদিকদের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরও বলেন, সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, তারা দেশের শত্রু। এই ধরনের মব সন্ত্রাস জাতিকে আরও বিভক্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিবের বক্তব্য, হাদি ছিলেন নির্বাচনের প্রার্থী এবং জনগণের কাছে গিয়েছিলেন। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, হাদির হত্যাকারী ও সব ধরনের মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
সবশেষে তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব এখন জাতিকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। এজন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।


































