পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে ফের কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের হাজারিপাড়া মাঠের জনসভা থেকে দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকানোর চেষ্টা হতে পারে। তাই কোনোভাবেই যেন প্রার্থীরা 'অতি আত্মবিশ্বাসী' না হয়ে পড়েন।
 
একইসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার বদনাম করা।

সংখ্যালঘুদের ক্ষেপিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি। চক্রান্ত করে সব অফিসারদের ট্রান্সফার করছে। অন্যান্য রাজ্যে ১০-১১ জনকে বদলি করছে। আর বাংলায় চারশোর উপর রদবদল হয়েছে।
’ তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলো কি আপনারা বজায় রাখতে চান? তাহলে মা-বোনেরা এবং ভাইয়েরা নিজের নিজের এলাকায় কড়া নজর রাখুন।” প্রয়োজনে মা-বোনেদের ঝাঁটা হাতে নিয়ে পাহারা দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
 
এ দিনের মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের অভিযোগ তুলে সরব হন মমতা।
তাঁর অভিযোগ, ভোটের সময় বাড়ি ফিরতে চাওয়া শ্রমিকদের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন। উত্তরপ্রদেশ, দিল্লি বা ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে জেলে ভরে দেওয়া হচ্ছে বলে তোপ দাগেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এখান থেকে তো আপনাদের জন্য ভোট পড়েছে, তবে তাদের প্রতি আপনাদের কোনো দায় নেই কেন?”
 
মালদার সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে বিরোধীদের কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, যে ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছিল, তাকে এই রাজ্যের সিআইডি-ই হাতেনাতে গ্রেপ্তার করেছে। মুম্বই থেকে এসে বিজেপির মদতে ও টাকায় অশান্তি ছড়ানোর ছক কষা হয়েছিল বলে তাঁর দাবি। মমতা বলেন, “এনআইএ আসার আগেই ওই ব্যক্তিকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”