পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের শেষ দফায় কলকাতার অন্যতম ভিভিআইপি কেন্দ্র ভবানীপুরে দেখা গেল এক বেনজির দৃশ্য। বুধবার সাতসকালেই এলাকায় ভোট-পরিদর্শনে বেরিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও তখন এলাকায় পরিদর্শনে ব্যস্ত। দুই প্রার্থীর তৎপরতায় ভোট শুরুর প্রথম কয়েক ঘণ্টাতেই ভবানীপুরের রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের দিন নিজের বুথে ভোট দিতে দেখা গেলেও, আজ তিনি প্রার্থীর ভূমিকায় প্রতিটি বুথে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক প্রধান হিসেবে নয়, বরং একজন লড়াকু প্রার্থী হিসেবেই তিনি আজ রাস্তায় নেমেছেন। মমতার কথায়, "এখানে মুখ্যমন্ত্রীর কোনও প্রশ্ন নেই। আমি প্রার্থী হিসেবে সব দেখতে বেরিয়েছি।

"

ভোট শুরুর মুখেই কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, গত রাতে ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বাড়িতে হানা দেওয়া হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, "৭১ নং ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টায় তল্লাশি চালায়। তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এভাবে ভয় দেখিয়ে ওরা ভোট করতে চাইছে। আমি সব খবর পেয়েই নিজে তদারকি করতে পথে নেমেছি।"