পুবের কলম, মিনাখাঁ: নির্বাচনী প্রচারের উত্তাপ বাড়িয়ে মিনাখাঁ থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রশাসনিক কাজের সুবিধার্থে সুন্দরবনকে এবার পৃথক জেলা হিসেবে গড়ে তুলবে তাঁর সরকার। একইসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি সতর্ক করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার নিজস্ব সংস্কৃতি ও খাদ্যাভ্যাস বিপন্ন হবে।
 
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুন্দরবনের মানুষের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে বলেন, সুন্দরবন ইউনেস্কো হেরিটেজের অংশ। সাধারণ মানুষকে যাতে কাজের জন্য দূরে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা।

আগামী দিনে রাজ্যে যে সাতটি নতুন জেলা তৈরি হবে, তার মধ্যে সুন্দরবন অন্যতম। তৃণমূল নেত্রী জানান, ইতিমধ্যে এলাকায় থানা, SNCU এবং 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরি করা হয়েছে। বাঘ ও কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবনবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে একটি পূর্ণাঙ্গ ‘মাস্টারপ্ল্যান’ তৈরির কাজ চলছে বলে জানান তিনি।
 
মিনাখাঁর সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে ভোট দিলে বাংলার ধর্ম, সম্মান, কর্ম এবং জাতিসত্তা—সবই বিপন্ন হবে। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নিয়েও তিনি সরব হন।
তাঁর কথায়, "যদি ডিম, মাছ, মাংস, ছানা খেতে হয়—যার যা খুশি খাবেন, পরবেন। এই যে মাছের ভেড়িতে মাছ চাষ করছেন, বিজেপি এলে আগামী দিনে খাবেন কী করে? সব বন্ধ হয়ে যাবে।" ভোটদাতাদের প্রতি তাঁর আর্জি, আগে যারা অন্য দলকে ভোট দিয়েছেন, তাঁরা যেন এবার তৃণমূলকেই বেছে নেন। বিজেপির কোটি কোটি টাকার প্রচারের চাকচিক্যে না ভুলে বাংলার সংস্কৃতি রক্ষায় জোট বাঁধার ডাক দেন তিনি।