পুবের কলম, ওয়েবডেস্ক: মালদার মালতীপুরে নির্বাচনী জনসভা ঘিরে আচমকা চাঞ্চল্য ছড়াল একটি উড়ন্ত ড্রোনকে কেন্দ্র করে। জনসভা শেষে হেলিকপ্টারে ওঠার মুহূর্তে ড্রোনটি নজরে আসতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সভা শেষে হেলিপ্যাডে দাঁড়িয়ে দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গে কথা বলছিলেন মমতা। সেই সময় হেলিকপ্টারের ঠিক উপরেই একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি চোখে পড়তেই বিস্মিত ও বিরক্ত হন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নিরাপত্তা রক্ষী ও পুলিশকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়। ড্রোনটির উৎস ও উদ্দেশ্য নিয়ে খোঁজখবর শুরু হয়। পরে দলীয় সূত্রে জানা যায়, তৃণমূলের একটি নির্বাচনী প্রচার সংস্থার পক্ষ থেকেই ড্রোনটি ওড়ানো হয়েছিল। ঘটনার পর সেটিকে দ্রুত নামিয়ে নেওয়া হয়।
শনিবার দুপুরে চাঁচল মহকুমার সামসি কলেজ মাঠে আয়োজিত ওই জনসভায় উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল প্রার্থী ও নেতা। প্রায় আধঘণ্টার বক্তব্য রাখার পর সভা শেষ করে হেলিপ্যাডে যান মুখ্যমন্ত্রী। সেখানেই এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। ঘটনার পর যদিও নির্ধারিত সূচি মেনেই গাজোলের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।