পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে বাংলার রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত করে তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জে নির্বাচনী সভা থেকে একাধিক ইস্যু তুলে রাজ্যের শাসকদল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি।
 
প্রচারমঞ্চ থেকে রাহুল গান্ধী আর জি কর কাণ্ড, বেকার ভাতা, কর্মসংস্থানের অভাব এবং শিল্পক্ষেত্রের অবনতির মতো বিষয়গুলোকে সামনে এনে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আর জি করের ঘটনায় শাসকদলের ঘনিষ্ঠদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ সরকার এই বিষয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে।


 
বেকার ভাতা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্য সরকার একদিকে কর্মসংস্থানের দাবি করছে, অন্যদিকে বিপুল সংখ্যক যুবক-যুবতী ভাতার জন্য লাইনে দাঁড়াচ্ছেন—এই দ্বিচারিতা মানুষ বুঝতে পারছে। তিনি দাবি করেন, বাস্তবে কর্মসংস্থানের চিত্র অনেকটাই হতাশাজনক।
 
উল্লেখ্য, জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূল একই জোটে থাকলেও বাংলার ভোটে দুই দল আলাদা পথে হাঁটছে। এর আগেই রাজ্যের সব আসনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, যা রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।