পুবের কলম ওয়েব ডেস্কঃ আরজিকর মামলায় পুনরায় হবে তদন্ত। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। এই মামলায় সিট গঠন করে পুনরায় তদন্ত করতে বলেছে রাজ্যের উচ্চ আদালত। সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তা নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদালত নির্দেশ দিয়েছে তদন্তের অগ্রগতি কতদুর হচ্ছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আআগামি ২৫ জুন।
আরও পড়ুন:
২০২৪ সালের অগস্টে পৈশাচিক ঘটনা ঘটেছিল আরজি করে।
তরুণী চিকিৎসককে ধর্ষণ করার পর নির্মমভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনার পরেই তৎকালীন তৃণমূল সরকারের আমলে রাজ্যজুড়ে তুমুল আন্দোলন গড়ে উঠেছিল। প্রথমে এই ঘটনার তদন্ত করে রাজ্য পুলিশ। পরে বিপুল গণ আন্দোলনের জেরে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। যদিও ধর্ষণ এবং খুনের শুধু মাত্র একজনকেই ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত করে আদালত। সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দেয় আদালত। তারপরেও ক্ষোভ কমেনি। আদালতের এই রায়ে সন্তুষ্ট ছিলেন না নির্যাতিতার বাবা মা। তাদের দাবি ছিল এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁরা নতুন করে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। শুধু তাই নয়, তাদের দাবি ছিল এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। সিবিআই তদন্ত নিয়েও তাঁরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ান। সেই সঙ্গে আলাদা কমিটি গঠনেরও ইঙ্গিত দিয়েছিল আদালত। বর্তমানে মামলাটি রয়েছে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আজ বৃহস্পতিবার পুনরায় তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ঘটনার রাতে তরুণী ডিনারের পরে কী করেছিলেন, কোথায় গিয়েছিলেন, সেই সময়ের ঘটনাপ্রবাহকে তদন্তের আওতায় আনতে হবে। শুধু তাই নয়, আরও তথ্য পেতে প্রয়োজনে সিট ফের সন্দেহভাজন যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানিয়েছে হাইকোর্ট।