পুবের কলম ওয়েব ডেস্কঃ আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানি থেকে এবার সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালতে সময়ের অভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার চাপের কারণ দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই কারণ উল্লেখ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চও এই মামলার শুনানি থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল।
আরও পড়ুন:
মঙ্গলবার মামলার শুনানির সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেয়।
সেই রিপোর্ট মুখবন্ধ খামে বেঞ্চের হাতে তুলে দেওয়া হয়। শুনানির সময় নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই তদন্তে নতুন কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না এবং কার্যত নতুন করে তদন্ত এগোচ্ছে না।আরও পড়ুন:
এর পরেই বিচারপতি মান্থা জানান, আদালতের অন্য মামলাগুলির চাপের কারণে এই সংবেদনশীল মামলায় প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদালতের তরফে এ-ও জানানো হয়েছে, প্রয়োজন হলে এই মামলায় আলাদা কমিশন গঠন করার বিষয়ও বিবেচনা করা হতে পারে ।শুনানির সময় বিচারপতি মান্থা বলেন, এই মামলায় সঠিক বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিচারপতির পর্যবেক্ষণ, গোটা রাজ্যের মানুষ এই মামলার দিকে নজর রাখছেন। তাই সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগোনো উচিত বলেই তাঁরা মনে করছেন।