পুবের কলম, ওয়েবডেস্ক: অশান্তির আবহে মালদহ জেলায় নির্বাচনী প্রচারে বাড়তি জোর দিচ্ছে শাসকদল। সেই প্রেক্ষিতেই শনিবার একাধিক জনসভা সেরে ইংরেজবাজারে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির মধ্যে এই কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে মহল। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া নিয়ে মোথাবাড়ি, কালিয়াচক ও সুজাপুরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার রেশ এখনও কাটেনি।

কোথাও কোথাও পুলিশও আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানো এবং আতঙ্ক কাটাতেই জনসভার পাশাপাশি রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।
 
সূত্রের খবর, শনিবার মালদহে পরপর তিনটি জনসভা করবেন তিনি—মানিকচক, রতুয়া-মালতীপুর এবং গাজোলে। প্রতিটি সভাতেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি।
এরপরই ইংরেজবাজারে রোড শো করবেন মমতা।
 
ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে এই মিছিল আয়োজন করা হয়েছে। নির্ধারিত রুট অনুযায়ী, রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি, পাকুড়তলা মোড় হয়ে কবি সুকান্ত মোড় পর্যন্ত যাবে এই রোড শো। বিকেল ৩টে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।
 
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে অশান্তির আবহে এই রোড শো দলীয় কর্মীদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের বার্তাও দেবে এই কর্মসূচি।